শাল্লার গ্রামে হামলা

যুবলীগ নেতা স্বাধীন পাঁচ দিনের রিমান্ডে, গ্রেপ্তার আরও ১

সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু অধ্যুষ্যিত নোয়াগাঁও গ্রামে হামলা-লুটপাট মামলার প্রধান আসামি যুবলীগ নেতা শহিদুল ইসলাম স্বাধীনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যামকান্ত সিনহা রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। একই দিন একই আদালত নোয়াগাঁও গ্রামে হামলা-লুটপাট মামলার আরও ২৮ আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করে। সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সেলিম নেওয়াজ দেশ রূপান্তরকে এসব তথ্য জানান।

এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নোয়াগাঁওয়ে সংখ্যালঘুদের ওপর হামলা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। গতকাল নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সেলিম নেওয়াজ দেশ রূপান্তরকে জানান, গত রবিবার যুবলীগ নেতা স্বাধীনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ এবং অন্য আসামিদের ৫ দিন করে রিমান্ডের আবেদন জানিয়েছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। গতকাল শুনানি শেষে স্বাধীনের পাঁচ এবং অন্য আসামিদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এদিকে গতকাল ভোরে নোয়াগাঁও গ্রামে হামলা-লুটপাট মামলার এজাহারভুক্ত আসামি আকামত আলীকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গতকাল বিকেল পর্যন্ত আলোচিত এ মামলায় মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হলো।

জন্মশতবার্ষিকীতে হামলা লজ্জাজনক বলে মন্তব্য জাফরুল্লাহর : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নোয়াগাঁওয়ে সংখ্যালঘুদের ওপর হামলা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। গতকাল নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর এমন ঘটনা ঘটিয়েছে, সেটা সত্যি খুব লজ্জাজনক। এ লজ্জা শেখ হাসিনার, সরকারের পুলিশ প্রশাসন এখানকার মানুষকে রক্ষা করতে পারেনি। তাই অবিলম্বে এখানে দায়িত্বরত ইউএনও-ওসিকে প্রত্যাহার করে আগামী সাত দিনের মধ্যে তদন্ত শেষ করে আগামী এক মাসের মধ্যে বিচারকাজ শেষ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ওই দিনগুলো দেখার জন্য কি আমরা যুদ্ধ করেছিলাম! দেশ স্বাধীন করেছিলাম! যে স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারি না। এক মাসের মধ্যে বিচারকাজ শেষ করতে হবে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এদের নিরাপত্তা দিতে ব্যর্থতা স্বীকার করে শাল্লার এসব মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবুল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমদাদ উল্লাহ শহীদুল ইসলাম প্রমুখ।

গত ১৫ মার্চ দিরাই উপজেলা শহরে এক মাহফিলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা জুনাইদ বাবুনগরী ও মাওলানা মামুনুল হক বক্তব্য দেন। পরে মামুনুল হককে নিয়ে ঝুমন দাস নামে নোয়াগাঁও গ্রামের এক যুবক ফেইসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে উত্তেজনা দেখা দেয়। এর দুদিন পর কয়েক হাজার মানুষ লাটিসোঁটা নিয়ে নোয়াগাঁও গ্রামের বাড়িঘর ও মন্দিরে হামলা চালায়। এ ঘটনায় গত বৃহস্পতিবার দুটি মামলা হয়। নোয়াগাঁও গ্রামবাসীর পক্ষে একটি মামলা করেন গ্রামের বাসিন্দা হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল। মামলায় প্রধান আসামি করা হয় দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন পরিষদের সদস্য নাচনী গ্রামের বাসিন্দা ওয়ার্ড যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম স্বাধীন মিয়াকে।