প্রত্যন্ত গ্রামের ঘরে রহস্যজনক বিস্ফোরণে নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামের এক বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জন মারা গেছেন। বুধবার বিকেল ৪টার দিকে কামারদহ ইউনিয়নের নেকুরাই নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের ঘটনায় নিহতরা হলেন ওই গ্রামের বোরহান উদ্দিন (৩৫) এবং ওয়াহিদুল ইসলাম (৩২)। তবে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়িওয়ালা বোরহান উদ্দিন জমিতে কাজ করছিলেন। এ সময় অজ্ঞাত দু’জন লোক তার কাছে গিয়ে তাকে বাড়িতে ডেকে নিয়ে যান। একপর্যায়ে তারা ঘরের ভেতরে প্রবেশ করার পর হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদি হাসান বলেন, কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে। আমরা এখন পুরো বাড়ি ঘেরাও করে রেখেছি। পুলিশ সুপার ঘটনাস্থলে আসছেন। বিশেষজ্ঞ দল আসার পরেই বিস্তারিত জানা যাবে।