করোনায় জীবন রক্ষাকারী ওষুধসহ অন্যান্য চিকিৎসা সামগ্রী আমদানির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের দেওয়া নীতি সহায়তার সময়সীমা আগামী জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে। সার্কুলারে বলা হয়, আগামী মার্চ ৩১ পর্যন্ত আমদানি বাণিজিক লেনদেনের নীতি সহায়তার সময়সীমা চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
নীতি সহায়তার অংশ হিসেবে করোনাভাইরাসজনিত রোগপ্রতিরোধের নিমিত্তে জীবন রক্ষাকারী ওষুধ, চিকিৎসা সামগ্রী প্রভৃতি আমদানির জন্য বিদেশি রিপেমেন্ট গ্যারান্টি কিংবা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই আমদানি মূল্য বাবদ অগ্রিম ৫ লাখ ডলার পর্যন্ত পরিশোধ কর যাবে।
এছাড়া উৎপাদন উপকরণাদি আমদানির মূল্য বিদ্যমান ছয় মাসের পরিবর্তে এক বছরের মধ্যে পরিশোধ করা যাবে। আলোচ্য এক বছরের আমদানি দায় পরিশোধের সুযোগ কৃষি উপকরণাদি এবং রাসায়নিক সার আমদানির ক্ষেত্রেও বিদ্যমান রেখেছে বাংলাদেশ ব্যাংক।
এর ফলে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের আমদানি ব্যয় নির্বাহে স্বস্তি প্রদান করবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, চলমান পরিস্থিতিতে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্বস্তি দেওয়ার জন্য কতিপয় নীতি সহায়তার সময়সীমা বাড়ানো হয়েছে। এর ফলে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আমদানি প্রক্রিয়ায় যে ধরনের মন্থরতার আশঙ্কা করা হচ্ছে তা কাটিয়ে উঠতে সহায়তা করবে।