বিভিন্ন ধরনের বন্ড, অ-তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ ও বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের লেনদেনের জন্য অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) তৈরি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এছাড়া পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের সুবিধা দিতে স্বল্প মূলধনী কোম্পানিগুলোর জন্য আলাদা ট্রেডিং বোর্ড ‘এসএমই প্ল্যাটফর্ম’ প্রস্তুত করেছে স্টক এক্সচেঞ্জটি। গতকাল এ তথ্য জানিয়েছে ডিএসই। এটিবি ও এসএমই প্ল্যাটফর্ম চালু হলে পুঁজিবাজারে বৈচিত্র্য আনবে ও অর্থনীতিতে গতির সঞ্চার করবে।
ডিএসই জানিয়েছে, এটিবি চালুর ফলে অ-তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ, প্রাইভেট প্লেসমেন্ট বন্ড, সুকুক এবং বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের লেনদেন করা যাবে। ইতিমধ্যেই এটিবির কারিগরি প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এটিবিতে তালিকাভুক্তির জন্য কোম্পানির সিকিউরিটিজসমূহ অত্যাবশ্যকীয়ভাবে ডিমেট ফর্মে থাকতে হবে। আইএফআরএস, আইএএস ও কোম্পানি আইন ১৯৯৪ এর বিধানসমূহ পরিপালনে সক্ষম কোম্পানিসমূহকে এই বোর্ডে তালিকাভুক্তির জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যুকৃত বন্ড এবং সুকুক এটিবিতে যোগ্য সিকিউরিটিজ হিসেবে বিবেচিত হবে। এরই মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ১৪টি বন্ডকে এই বোর্ডে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে। আর এ বন্ডের লেনদেনের মাধ্যমেই এটিবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে।
এটিবি একটি স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা, যেখানে সব ধরনের বিনিয়োগকারী অংশগ্রহণ করতে পারবে। লেনদেন নিষ্পত্তির প্রক্রিয়াটি ডিএসইর বিদ্যমান লেনদেন ব্যবস্থার অনুরূপ হবে বলে স্টক এক্সচেঞ্জটি জানিয়েছে। এটিবির পাশাপাশি এসএমই প্ল্যাটফর্ম চালু করার সব কারিগরি প্রস্তুতিও ইতিমধ্যে সম্পন্ন করেছে ডিএসই। এই প্ল্যাটফর্মে নতুন কোম্পানি তালিকাভুক্তির জন্য ডিএসই ইস্যু ম্যানেজার ও কোম্পানিগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে এই প্ল্যাটফর্ম দুটির উন্নয়নের জন্য এসইসির তত্ত্বাবধানে বেশকিছু কার্যক্রম গ্রহণ করেছে ডিএসই।