গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়িতে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বুধবার বিকেলে কামারদহ ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম নেকুরাই নয়াপাড়ায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। কীসের বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটেছে তা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
নিহতরা হলেন নয়াপাড়া গ্রামের ওই বাড়ির মালিক বোরহান উদ্দিন প্রধান (৩৬) এবং একই গ্রামের অহেদুল ইসলাম (৩৫) ও সোবহান মিয়া (৪০)।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও নয়াপাড়া গ্রামের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে
জানা যায়, গতকাল বিকেলে গ্রামটির বাসিন্দা বোরহান উদ্দিন জমিতে কাজ করছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় দুজন লোক বোরহানের কাছে গিয়ে তাকে বাড়িতে ডেকে নিয়ে যান। তারা ঘরের ভেতরে ঢোকার পর উচ্চস্বরে কথাবার্তা বলার একপর্যায়ে হঠাৎ ওই কক্ষে বিস্ফোরণ হয়। এতে বিকট শব্দে বোরহান উদ্দিনের একটি ঘরের টিনের চালা উড়ে যায়। বিস্ফোরণে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আর আহত অবস্থায় পালানোর সময় এলাকাবাসী একজনকে আটক করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে বাড়িটি ঘেরাও করে রাখে ও লাশ উদ্ধার করে।
এদিকে কী কারণে বা কেন ওই বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল এবং কী বিস্ফোরিত হয়েছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিস কর্মকর্তারা। তবে গ্রামবাসীর হাতে আহত অবস্থায় আটক একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘ঘটনার কারণ এখন বলা যাচ্ছে না। সিআইডির টিম ও বিস্ফোরক বিশেষজ্ঞ দল না আসা পর্যন্ত বিস্ফোরণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।’
অন্যদিকে গতকাল রাত সাড়ে ৮টায় গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’