বিএনপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর বিরোধিতাকারীদের ইন্ধন জোগাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি দীর্ঘদিন ধরে ভারতবিরোধিতা ও ভারতের সঙ্গে বৈরিতার যে রাজনীতি অনুসরণ করে আসছে, সেটি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির জন্য সহায়ক নয়।’
গতকাল বুধবার দুপুরে রাজধানীতে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে নওগাঁ জেলার সাপাহার উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজিত সাপাহার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন হাছান মাহমুদ।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘গতকাল দেখতে পেলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রশ্ন তুলেছেন যে, ভারতের প্রধানমন্ত্রী কেন বাংলাদেশে আসছেন। প্রকৃতপক্ষে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার বিরুদ্ধে যারা বিক্ষোভ প্রদর্শন করছে এর পেছনেও যে বিএনপি-জামায়াত, বিশেষ করে বিএনপি ইন্ধন দিয়ে আসছিল, মির্জা ফখরুল নিজেই ‘মোদি কেন আসছেন’ সে প্রশ্ন তুলে সেই গোমরটাই গতকাল ফাঁস করেছেন।’
তিনি আরও বলেন, ‘আজকে যে ভিডিও কনফারেন্সে আমরা দূর থেকেও সংযুক্ত হতে পারছি তার কারণ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হওয়ায়। এই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বছর থেকে আমরা যেমন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি, শেখ হাসিনা যদি অব্যাহতভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন তাহলে অবশ্যই বিশ বছর পর ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি উন্নত দেশে রূপান্তরিত করতে পারব।’
জনগণের ভালোবাসা নিয়েই আমরা দেশ পরিচালনা করতে চাই উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দল যেহেতু ক্ষমতায় আছে, আমাদের দায়িত্ব-কর্তব্য অপরিসীম এবং ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়, আচার-আচরণ এমন হতে হয় যাতে কেউ কষ্ট না পায়, কেউ বিরক্ত না হয়, জনগণ যাতে আমাদের ভালোবাসে।’
সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া বেগম, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার প্রমুখ।