বাংলাদেশ সিরিজ দিয়ে মাঠে দর্শক ফেরাচ্ছে শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মাঠে দর্শক ফেরাতে যাচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

এপ্রিলে ঘরে মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল। দ্বিতীয়টি ২৯ এপ্রিল। দুটি ম্যাচই হবে ক্যান্ডিতে, পাল্লেকেলে স্টেডিয়ামে।

এর আগে করোনা বিরতির পর লঙ্কা প্রিমিয়ার লিগ দিয়ে ক্রিকেট ফেরে শ্রীলঙ্কায়। সেই আসর হয়েছে দর্শকশূন্য মাঠে। পরে শ্রীলঙ্কা-ইংল্যান্ড টেস্ট সিরিজও হয়েছে দর্শকশূন্য মাঠে।

বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে অবস্থান করছে। কিউইদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ শেষ করে টাইগাররা দেশে ফিরবে এপ্রিলের শুরুতে। ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের।