২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ব্যবসাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ বাজারের ৭টি দোকানে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর নেতৃতে এ জরিমানা করা হয়।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিটি জাতীয় দিবসে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হয়। তবে কমলগঞ্জের দোকানগুলোয় এসব দিবসে জাতীয় পতাকার সম্মানহানি করে ইচ্ছামাফিক পতাকা উত্তোলন করা হয়। আবার কোনো কোনো দোকানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকালে ভানুগাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে জাতীয় পতাকা উত্তোলন না করার দায়ে ৭টি দোকানে ২০০ টাকা করে মোট ১ হাজার ৪০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।