স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে তিনি এ শুভেচ্ছা জানান। চিঠিতে প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানিয়েছেন ইমরান খান। চিঠিটি গত ২৫ মার্চ রাতে ঢাকায় পৌঁছায় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইমরান খান লিখেছেন, ‘প্রয়াত প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের স্মরণে আয়োজিত শতবর্ষের অনুষ্ঠান গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিচ্ছবি, যার ফলে তিনি বাংলাদেশের জনগণের কাছে সম্মানজনক স্থানে রয়েছেন। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে তাঁর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে, যা এই অঞ্চলে এবং এর আশপাশের অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা এবং টেকসই সমৃদ্ধি উন্নয়নের লক্ষ্যে অংশীদারিমূলক ইতিহাস, অভিন্ন ধর্ম এবং একই স্বার্থের ওপর ভিত্তি করে রচিত।’
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করে ইমরান খান লিখেছেন, ‘শতবর্ষ (মুজিববর্ষ) এবং বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে আমাদের দুই দেশের মধ্যে পুনর্মিলন এবং বন্ধুত্বের দূরদর্শী দৃষ্টিভঙ্গি স্মরণ করিয়ে দিচ্ছে, যেখানে পাকিস্তান, বাংলাদেশের নেতাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল।’ বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক বা বন্ধনকে আরও বিকশিত করার আগ্রহ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই বন্ধন রেখে যেতে চাই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী লেখেন, ‘যেহেতু আমরা বিশ্বাস করি আমাদের দুই দেশের জনগণের গন্তব্য অভিন্ন। তাই আসুন আমরা আমাদের জনগণের ভবিষ্যৎ এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য যৌথভাবে কাজ করি। আমাদের সম্পর্ককে আরও গভীর করতে আমি আপনাকে যত দ্রুত সম্ভব পাকিস্তান সফরের আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে, এর মধ্য দিয়ে (আপনার সফরের মাধ্যমে) আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে।’
প্রধানমন্ত্রীর দীর্ঘজীবন, সুস্বাস্থ্য এবং সুখী জীবন কামনা করে চিঠিতে ইমরান খান বলেন, ‘বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ যে শান্তি, উন্নতি এবং সমৃদ্ধির পথে ক্রমেই এগিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতা কামনা করি।’