মিয়ানমারের সেনা অভ্যুত্থানবিরোধী গণআন্দোলনকে ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। গতকাল শুক্রবার নরওয়ের ইউনিভার্সিটি অব অসলোর সামাজিক বিজ্ঞানের অধ্যাপক ক্রিশ্চিয়ান স্টোকসহ পাঁচ শিক্ষাবিদ এ মনোনয়ন দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ক্রিশ্চিয়ান স্টোক বলেন, ‘এ আন্দোলন ১ ফেব্রুয়ারি ক্ষমতা গ্রহণকারী মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিক্রিয়ার এক উদাহরণ। এ আন্দোলন মিয়ানমারের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ গণসংহতি, যা প্রায় সহিংসতা ছাড়াই করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘কর্র্তৃত্ববাদী শক্তির কাছে গণতন্ত্র চাপে থাকাকালে এ ধরনের আন্দোলন সফল হলে তা মিয়ানমারের বাইরেও প্রভাব তৈরি করতে পারে এবং অন্য কোথাও অহিংস-গণতন্ত্রপন্থি আন্দোলনকে অনুপ্রাণিত করতে পারে। সামরিক অভ্যুত্থানের প্রতিক্রিয়া হিসেবে এ আন্দোলন শুরু হলেও তা বার্মিজ সমাজের মধ্যে অনেকগুলো জায়গায় বিশেষত নৃগোষ্ঠীর এক বিস্তৃত জোটে পরিণত হয়েছে।’
নরওয়ের নোবেল কমিটি ৩১ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন গ্রহণ করে। তাই ক্রিশ্চিয়ান স্টোকের এই মনোনয়ন আগামী বছরের পুরস্কারের জন্য বিবেচিত হবে।
এদিকে গত বৃহস্পতিবার মিয়ানমারের মধ্যাঞ্চলীয় টাউনগি শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত চারজন নিহত ও অর্ধশত আহত হয়েছেন। এদিন দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন, মধ্যাঞ্চলীয় শহর মোনিওয়াসহ বেশ কয়েকটি শহরে হাজার হাজার মানুষ জান্তাবিরোধী বিক্ষোভ করেন।
অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের তথ্য অনুসারে এখন পর্যন্ত বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩২৪ জন নিহত হয়েছেন।
মিয়ানমারে অভ্যুত্থান ও সেনাবাহিনীর দমনপীড়নের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনী নিয়ন্ত্রিত দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিষেধাজ্ঞা জারি হওয়ায় যুক্তরাষ্ট্রে মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস পাবলিক কোম্পানি লিমিটেড (এমইএইচএল) ও মিয়ানমার ইকোনমিক করপোরেশন লিমিটেডের (এমইসি) কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি এমইসির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্য। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, ‘এ ধরনের নিষেধাজ্ঞায় মিয়ানমার সামরিক বাহিনীর গণনিপীড়নে ব্যবহৃত অর্থের উৎসে টান পড়বে।’
এ ছাড়া গতকাল শুক্রবার মিয়ানমারের ইয়াঙ্গুনে নোবেলজয়ী নেত্রী অং সান সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সদর দপ্তরে ককটেল হামলা হয়েছে বলে জানিয়েছেন দলটির এক কর্মকর্তা।
এনএলডির সদর দপ্তরের দায়িত্বে থাকা সোয়ে উইন বলেন, ‘কাছাকাছি থাকা এলাকার বাসিন্দারা আগুন নেভাতে দমকল বিভাগকে খবর দেয়। আনুমানিক ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। মনে হচ্ছে কেউ মলোটোভ ককটেলে আগুন ধরিয়ে তা সদর দপ্তরের দিকে ছুড়ে দিয়েছিল।’