মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় সালিশি বৈঠকে দু’গ্রুপের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নিহত আওলাদ হোসেন মিন্টু প্রধানের স্ত্রী খালেদা আক্তার ১২ জনের নাম উল্লেখ করে ২৭ জনের বিরুদ্ধে মামলাটি করেন। এরই মধ্যে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও একজনকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রাজীব খান জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে নিহত মিন্টুর স্ত্রী ১২ জনের নাম উল্লেখ করে ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫ জনকে। ইতিমধ্যে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত এ বিষয়ে শুনানির দিন ধার্য করেনি। তারা এখন জেলহাজতে আছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
গ্রেপ্তার পাঁচজন হলেন মো. জামাল হোসেন (৫০), মো. জাহাঙ্গীর হোসেন (৫৫), মো. রনি (২২), মো. ইমরান হোসেন (২০), রাহুল প্রধান (২০)।
গত বুধবার রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকায় সালিশ বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হন। তাদের মধ্যে ইমন হোসেন পাঠান (২৩) ও মাহবুব হোসেন সাকিব (১৯) ঘটনার পরপরই মারা যান। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান আওলাদ হোসেন মিন্টু প্রধান (৪০)।