যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকা ১২ বছরের কম বয়সী শিশুদের ওপর ট্রায়াল শুরু হয়েছে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে ফাইজারের মুখপাত্র শ্যারন কাস্টিলো জানিয়েছেন, প্রথম পর্যায়ের ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবীদের বুধবার প্রথম টিকা দেওয়া হয়েছে।
গত সপ্তাহে মডার্নাও শিশুদের ওপর তাদের টিকার ট্রায়াল শুরুর কথা জানিয়েছে। এটি একটি পেডিয়াট্রিক ট্রায়াল যা ৬ মাস বয়সী শিশুদের দেওয়া হবে। বর্তমানে শুধু ফাইজার-বায়োএনটেক টিকাটি যুক্তরাষ্ট্রে ১৬ এবং ১৭ বছরের শিশুদের দেওয়া হচ্ছে। মডার্নার টিকা ১৮ বছর বা তার বেশি বয়সীদের দেওয়া হচ্ছে। তবে এখনো ছোট বাচ্চাদের জন্য কোনো টিকা অনুমোদিত হয়নি।
ফাইজার-বায়োএনটেক পরবর্তী সময়ে তরুণদের মধ্যে অ্যান্টিবডি স্তর পরিমাপ করে এই ট্রায়ালটি প্রসারিত করার পরিকল্পনা করেছে। টিকার মাধ্যমে নাগরিকদের সুরক্ষা, সহনশীলতা ও প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করা হবে।
শ্যারন কাস্টিলো আরও বলেন, ‘ফাইজার ১২ থেকে ১৫ বছর বয়সের শিশুদের মধ্যে এই টিকা ট্রায়াল করছে। ২০২১ সালের দ্বিতীয়ার্ধে এ ট্রায়ালের আশানুরূপ রিপোর্ট পাওয়া যাবে।’
গত ডিসেম্বরে ফাইজার-বায়োএনটেক করোনাভাইরাস টিকা অনুমোদন দিয়েছিল ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। এর কয়েক দিনের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে টিকা দেওয়া শুরু হয়।