উপমহাদেশের দুই বরেণ্য নেতা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী স্মরণে ঢাকায় ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী’ উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যৌথভাবে গতকাল শুক্রবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
এর আগে দুই প্রধানমন্ত্রী গত ১৭ ডিসেম্বর ভার্চুয়ালি নয়াদিল্লিতে এ প্রদর্শনী উদ্বোধন করেন। বাংলাদেশের পর এ প্রদর্শনী যাবে জাতিসংঘে। এরপর ২০২২ সালে কলকাতায় প্রদর্শিত হবে।
প্রদর্শনী উদ্বোধনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছালে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুই প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা প্রদর্শনী ঘুরে দেখেন এবং ফটোসেশনে অংশ নেন। বাসস