তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিকরা। দুই অভিষিক্ত ক্রিকেটার নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ।
রবিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয়েছে ম্যাচটি। কাঁধের চোটে এ ম্যাচে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিম। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও বাঁহাতি পেসার শরিফুল ইসলামের আন্তর্জাতিক অভিষেক হচ্ছে এ ম্যাচে।
ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছে। যদিও শুধু অধিনায়ক মাহমুদউল্লাহর কথা আলাদা রাখলে একেবারেই তারুণ্য নির্ভর বাংলাদেশ।
সাকিব আল হাসান আগে থেকেই ছিলেন না। ওয়ানডে সিরিজ খেলে পারিবারিক কারণে ফিরে গেছেন তামিম ইকবাল। এবার চোটের কারণে প্রথম টি-টোয়েন্টিতে নেই মুশফিক।
তামিম, সাকিব ও মুশফিক- এই ত্রয়ীকে ছাড়া নিজেদের ইতিহাসে এই প্রথম টি-টোয়েন্টি খেলছে টাইগাররা।
অবশ্য নিউজিল্যান্ডের দলটাও তারুণ্য নির্ভর। ওয়ানডের মতো নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন নেই। এ ছাড়া ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সেইফার্টরা নেই। দলটিকে নেতৃত্ব দিচ্ছেন টিম সাউদি।
একাদশ:
বাংলাদেশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়াং, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, হামিশ বেনেট, লকি ফার্গুসন।