বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতাসহ ৩৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। থানার এসআই রেজাউল হক বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলায় ছাত্রদলের দুইকর্মীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। সোমবার সকালে নন্দীগ্রাম থানার ওসি কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা ছাত্রদলের কর্মী জুয়েল হোসেন (৩০) ও রবিউল ইসলাম (২৮)।
পুলিশ জানায়, গত রবিবার বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নন্দীগ্রামে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা হরতালের সমর্থন জানিয়ে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে।
এদিকে একই সময়ে হরতালের বিপক্ষে মিছিল বের করে ছাত্রলীগ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে যুবদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়।
এই ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বেলায়েত হোসেন আদরসহ যুবদল ও ছাত্রদলের ১৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।
নন্দীগ্রাম থানার ওসি কামরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।