ময়মনসিংহে মহান স্বাধীনতা দিবসে ‘মানুষ হত্যা’ ও ‘পুলিশি হামলার’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। এ সময় পুলিশ বাধা দিলে রাস্তায় বসে সমাবেশ করেন মহানগর বিএনপি নেতাকর্মীরা।
সোমবার দুপুরে সমাবেশ শেষে ফেরার পথে নগরীর বাগানবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে আহত হন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন।
এ সময় পুলিশ বিএনপি ও যুবদল-ছাত্রদলের ৮ নেতাকর্মীকে আটক করে।
তারা হলেন মহানগর বিএনপি নেতা ফারুক, ওয়ার্ড বিএনপি নেতা ওয়াসিম, যুবদল নেতা আলী, স্বপন, মহানগর দক্ষিণ থানা ছাত্রদলের সদস্য সচিব গোবিন্দ রায়,পলিটেকনিক ইনস্টিটিটিউট ছাত্রদলের আহ্বায়ক ইমন চৌধুরীসহ নাম জানতে না পারা আরো দুই বিএনপি কর্মী।
তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার।
তিনি জানান, বিএনপির নেতাকর্মীরা মিছিল শেষে বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আটজনকে আটক করা হয়েছে।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ জানান, পুলিশি বাধায় সমাবেশ শেষ করে বাসায় ফোরার পথে বাগান বাড়ি সড়কে পুলিশ আমাদের চারদিক থেকে ঘিরে ধরলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয় এবং আটক হন আটজন।