হেফাজতে ইসলামের প্রতি সমর্থন জানিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে সিলেটের জকিগঞ্জ পৌরসভার ওয়ার্ড ছাত্রলীগ নেতা হাফিজ মাজেদ পদত্যাগ করেছেন। তিনি জকিগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্বে ছিলেন।
শনিবার রাত ১০টার দিকে তিনি তার ‘মো. হাফিজ মাজেদ’ নামের ফেইসবুক আইডিতে দেওয়া পোস্টে জকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগ বরাবর পদত্যাগপত্র লেখেন।
হাফিজ মাজেদ ফেইসবুক স্ট্যাটাসে লেখেন, ‘মোদিকে দেশে আমন্ত্রণ জানানোর জন্য এবং মুসলমানদের ওপর নির্যাতনের কারণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। যে দল ইসলামকে সম্মান দিতে জানে না, যারা ভাস্কর্যকে হালাল মনে করে, মুসলমানদের ওপর হামলাকারীকে দেশে আসার জন্য আমন্ত্রণ জানায়; সেই দলে কোনো মুসলমান থাকতে পারে না। তাই আমিও সেই দলে থাকতে পারি না। আজ থেকে বয়কট করলাম ছাত্রলীগ।’
হাফিজ মাজেদের দেওয়া স্ট্যাটাসটি মঙ্গলবার বিকেল ৬ টা ৪৩ পর্যন্ত শেয়ার হয়েছে ৪০ বার। এতে কমেন্ট পড়েছে ১৩৮টি, রিয়্যাক্ট করেছেন ২৮০ জন।
এ বিষয়ে পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম শাহরিয়ার বলেন, ২০১৯ সালে পৌরসভার ওয়ার্ডগুলোতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তিনটি পদে কমিটি করা হয়েছিল। সে সময় ৫ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পেয়েছিলেন হাফিজ মাজেদ। হাফিজ মাজেদের বাবা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। দলে অনুপ্রবেশকারী ঠেকাতে পুরো যাচাই-বাছাই করেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার বাবা মারা যাওয়ার পর পরিবারের হাল ধরতে গত বছরের প্রথম দিকে তিনি সৌদি আরবে চলে যান। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, সে সময় থেকেই তার দলের কোনো দায়িত্বে থাকার কথা না।
তানজিম শাহরিয়ার বলেন, হাফিজ মাজেদ যদি মনে করে থাকেন দেশের বাইরে অবস্থান করেও তিনি দায়িত্বে আছেন, তবে সেটি বোকামি হবে। সংগঠনে না থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে তিনি এমন স্ট্যাটাস দিয়ে থাকতে পারেন।