করোনা: নারায়ণগঞ্জে বন্ধ করে দেয়া হলো কেন্দ্রীয় শহীদ মিনার

নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বন্ধ করে দেয়া হয়েছে শহরের চাষাঢ়ায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার। মঙ্গলবার বিকেলে শহীদ মিনারের প্রধান ফটকে তালা লাগিয়ে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কনজারভেটিভ সুপারভাইজার মোশারফ হোসেন হারুন বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, শহীদ মিনারকে ঘিরে করে কোন প্রকার জমায়েত, জনসমাগম যাতে না ঘটে সে জন্য সিটি করপোরেশন এ সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানান, গত কয়েক দিন ধরে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়লেও চাষাঢ়া শহীদ মিনারে লোক সমাগম কোন ভাবেই ঠেকানো যাচ্ছিল না।

উল্লেখ্য, সোমবার দেশে উচ্চ সংক্রমিত ঝুঁকিপূর্ণ ২৯ জেলার মধ্যে নারায়ণগঞ্জকেও চিহ্নিত করা হয়েছে। উচ্চ সংক্রমিত ঝুঁকিপূর্ণ এলাকা হলেও এখানে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো নিয়ম বালাই কেউ মানছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৯৬৬ জন।