কাল সারা দেশে বিক্ষোভ ছাত্রদল যুবদলের

মহান স্বাধীনতা দিবসে ‘মানুষ হত্যা এবং যুবলীগ-ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আগামী ১ এপ্রিল বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সংগঠন তিনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার দেশব্যাপী জেলা ও মহানগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে যৌথ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এবং ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্ব-স্ব সংগঠনের পক্ষ থেকে সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।

গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা : বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সালাউদ্দিন সরকারকে আহ্বায়ক, সোহরাব উদ্দীনকে সদস্য সচিব এবং শওকত হোসেন সরকারকে ১ম যুগ্ম আহ্বায়ক করে গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে আরও বলা হয়, আহ্বায়ক, সদস্য সচিব এবং ১ম যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষরে আহ্বায়ক কমিটির সাংগঠনিক কর্মকা- (কমিটি গঠন প্রক্রিয়ায়) পরিচালিত হবে।

এর আগে ১৯ আগস্ট ২০১৮ হাসান উদ্দিন সরকারকে আহ্বায়ক ও সোহরাব উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করে দুই সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। গাজীপুর সিটি করপোরেশন গঠন করার পাঁচ বছরেরও বেশি সময়ের পর গাজীপুর মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়েছে।