করোনা সংক্রমণ

বিচারক ও আইনজীবীদের ড্রেসকোড নিয়ে নতুন নির্দেশনা

করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় সুপ্রিম কোর্টসহ দেশের সব অধস্তন আদালতে বিচারক ও আইনজীবীদের ড্রেসকোড নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত নির্দেশনার কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয় যে, পরিবর্তিত পরিস্থিতিতে বিচারকবৃন্দ এবং আইনজীবীরা ক্ষেত্রমতো সাদা শার্ট বা সাদা শাড়ি/সালোয়ার-কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই। এই নির্দেশনা সুপ্রিম কোর্ট এবং দেশের সব অধস্তন আদালতে অবিলম্বে কার্যকর হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

এর আগে গত বছরের আগস্টে দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে কালো কোট বা গাউন পরার বাধ্যবাধকতার বিষয়টি শিথিল করা হয়েছিল।

হাইকোর্টের ১৭ বেঞ্চ পুনর্গঠন : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৭টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এর মধ্যে ১৫টি (১৩টি দ্বৈত ও দুটি একক) বেঞ্চে ভার্চুয়াল উপস্থিতিতে এবং দুটি বেঞ্চে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ পরিচালিত হবে। গত সোমবার এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। নির্দেশনা অনুযায়ী আজ ৩১ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চগুলোতে বিচার কার্যক্রম শুরু হবে।

ভার্চুয়ালি বিচারকাজের জন্য যেসব বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে সেগুলো হলো- বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ এবং বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, বিচারপতি মো. আশফাকুল  ইসলাম এবং বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. রইস উদ্দিন এবং  বিচারপতি মো. সোহরাওয়ারদী, বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি  মো. বদরুজ্জামান, বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি মো. আতোয়ার রহমান, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর (একক বেঞ্চ), বিচারপতি ফরিদ আহমেদ এবং বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি এস এম মজিবুর রহমান, বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি মাহবুব- উল ইসলাম, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ (একক বেঞ্চ)। নির্দেশনা অনুযায়ী বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং বিচারপতি খিজির হায়াত, বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত পৃথক দুটি দ্বৈত বেঞ্চে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ পরিচালিত হবে।