বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের প্রথম ব্যক্তিগত স্বর্ণ পদকটি জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর ফেন্সার মো. ইমতিয়াজ।
বুধবার ইপি একক ইভেন্টে সোনা জয়ের উল্লাস করেন তিনি। এ ইভেন্টে রুপা জিতেছেন আনসারের সাগর খান। দুটি ব্রোঞ্জপদক জিতেছেন আনসারের শরিফুল ইসলাম ও বিজিবির আবদুর রহিম।
গেমসের একক ইভেন্টে প্রথম স্বর্ণ জয়ের পর ইমতিয়াজের দৃষ্টি টোকিও অলিম্পিকের বাছাইয়ে। এ ফেন্সার বলেছেন, ‘বাংলাদেশ গেমসে সোনা জিততে পেরে আমি গর্বিত। সামনেই টোকিও অলিম্পিকের বাছাই পর্ব হবে উজবেকিস্তানে। ফেডারেশন পাঠালে, আমি সেখানে যেতে চাই।’
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হয়েছে ফেন্সিংয়ের খেলা, চলবে সোমবার পর্যন্ত।
গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি গেমসের উদ্বোধন করবেন। গেমসের মশাল প্রজ্বলন করবেন গলফার সিদ্দিকুর রহমান ও ২০১৬ এসএ গেমসে ২টি স্বর্ণপদক জয়ী সাঁতারু মাহফুজা খাতুন শীলা।
মার্চের শুরুতে মেয়েদের ক্রিকেটে দিয়ে শুরু হয়ে যায় বাংলাদেশ গেমসের পদকের লড়াই। এ ইভেন্টে স্বর্ণ জয় করে বাংলাদেশ নীল দল। এবারের গেমসে প্রথম দলগত স্বর্ণজয়ী তারা।