কুমিল্লার মেঘনা উপজেলার আলোচিত নাজমা হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান ফারুক আব্বাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে রাজধানীর পূর্ব রায়ের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মেঘনা থানার ওসি আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আব্বাসীর সঙ্গে গত ইউপি নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে বিরোধ চলছিল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক সিরাজুল ইসলামের।
এর জের ধরে ১৯ ফেব্রুয়ারি সিরাজ ও তার ভাই আব্দুস সালামের ঘরে হামলা চালিয়ে ৬ জনকে কুপিয়ে আহত করে ফারুক আব্বাসীর নেতৃত্বে তার লোকজন।
এতে ঘটনাস্থলেই মারা যান সালামের স্ত্রী নাজমা বেগম। ওই দিন রাতেই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দু’টি গুলির খোসা এবং ফারুক আব্বাসীর বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে মেঘনা থানা-পুলিশ।
এ ঘটনার পরদিন ফারুক আব্বাসীকে প্রধান আসামি করে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের দেবর সিরাজুল ইসলাম।
এ ছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায়ও আব্বাসীকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন মেঘনা থানার এসআই নাজিম উদ্দিন।
মেঘনা থানার ওসি আব্দুল মজিদ জানান, উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন আপিল বিভাগ স্থগিত করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বুধবার জেলা পুলিশের একাধিক টিম যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।