বাগেরহাটে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুস্তুম আলী শিকদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ সময় নিহতের স্ত্রী ফিরোজা বেগম ও অটোরিকশা চালক রানা আহত হন।

বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার জোকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত রুস্তম আলী শিকদার মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের দক্ষিণ নারকেলবাড়িয়া গ্রামের বাসিন্দা।

মোরেলগঞ্জ থানার এসআই এসএম তরিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের শরণখোলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস মোরেলগঞ্জ উপজেলার জোকা নামক স্থানে পৌঁছে বিপরীত দিক আসা অপর একটি ব্যাটারি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশার যাত্রী রুস্তুম আলী ঘটনাস্থলেই মারা যান। অপর যাত্রী নিহতের স্ত্রী ফিরোজা বেগম এবং চালক রানা আহত হন।

আহতদের উদ্ধার বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।