ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে জড়িত থাকায় নিত্যপণ্যের ৬২ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের প্রদত্ত ক্ষমতাবলে দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিন রাজধানীসহ সারা দেশে বিভিন্ন বাজারে ২১টি টিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, ছোলা, চিনি, খেজুরসহ অন্যান্য নিত্যপণ্য যৌক্তিক মূল্য বিক্রি করা হচ্ছে কি-না তা মনিটরিং করা হয়। এ ছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রসিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ওষুধ, মেয়াদ উত্তীর্ণ ও নকল পণ্য, ওজনে কারচুপিসহ ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারা দেশে ৬২টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।