‘স্বাস্থ্যবিধি মেনে’ আজ মেডিকেল ভর্তি পরীক্ষা

স্বাস্থ্যবিধি মেনে আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা হবে। দেশের ৫৫টি কেন্দ্রে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর পরীক্ষায় ১ লাখ ২২ হাজার ৮৭৪ ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেবেন।

পরীক্ষার্থীদের সকাল ৮টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষা নকলমুক্ত রাখতে পরীক্ষা কেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকবেন পর্যাপ্ত পুলিশ সদস্য। থাকবে ভ্রাম্যমাণ আদালতও।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া পরীক্ষার্থীদের মাস্ক পরে কেন্দ্রে আসার জন্য নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল স্ক্যানার, জীবাণুনাশক অটো স্প্রে মেশিনসহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও থাকবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব বলেন, ‘ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গত বছর ৩২টি কেন্দ্রে পরীক্ষা হলেও এবার তা বাড়িয়ে ৫৫টি করা হয়েছে। এতেই বোঝা যাচ্ছে স্বাস্থ্যবিধির মানার ব্যপারে বেশ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া প্রবেশপথে তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল স্ক্যানার ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও থাকবে।’

তিনি বলেন, ‘মেডিকেল কলেজের অধ্যক্ষ বা তার প্রতিনিধি এসে প্রশ্নপত্র নিয়ে গেছেন। ঢাকার বাইরের ৪০টি কেন্দ্রের জন্য প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজধানীর ১৫টি ভেন্যুর প্রশ্নপত্রও ম্যাজিস্ট্রেট, পুলিশ ও অধ্যক্ষ বা তার প্রতিনিধি গ্রহণ করে তা সিলগালা করে রেখে গেছেন। আজ সকালে এসে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষার হলে নিয়ে যাবেন। আজ সকাল ৮টায় পরীক্ষা কেন্দ্র খুলে দেওয়া হবে এবং ১০টায় গেট বন্ধ করে দেওয়া হবে।’