গেমসের উদ্বোধনে প্রধানমন্ত্রী

অলিম্পিকের যোগ্য করে ক্রীড়াবিদদের গড়ে তুলতে চায় সরকার

‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে’র উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ক্রীড়াবিদরা প্রতিটি ডিসিপ্লিনে যেন সর্বোচ্চ পারদর্শিতা দেখাতে পারেন এবং আগামীতে বিশ্ব অলিম্পিকসে প্রতিদ্বন্দ্বিতা করার পর্যায়ে নিজেদের গড়ে তুলতে পারেন সেজন্য তার সরকার আন্তর্জাতিকমানের প্রশিক্ষণেরও ব্যবস্থা করবে।’

গত সন্ধ্যায় গণভবন থেকে ভার্চুয়ালি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মূল অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী সবাইকে করোনা সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনেই গেমসে অংশগ্রহণেরও আহ্বান জানান, ‘সবাইকে বিশেষ করে যারা আয়োজক তাদেরকে আমি বলব আপনারা এই বিষয়টা বিশেষভাবে লক্ষ্য রাখবেন যাতে সবাই স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে চলতে পারেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এই আয়োজন হওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনাভাইরাস এমনভাবে দেখা দিল, আমরা বাধ্য হয়ে প্রতিযোগিতা স্থগিত করলাম। যদিও এবার নতুনভাবে করোনাভাইরাস দেখা দিয়েছে, আমি এটুকু চাইব, আপনারা সবাই স্বাস্থ্যের দিকটা নজরে রেখে সব খেলা আয়োজন করবেন।’

একটি জাতিকে উন্নত করতে হলে খেলাধুলাসহ সর্বক্ষেত্রে উন্নতি করা প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘খেলাধুলাটা আমাদের শিশু-কিশোর থেকে শুরু করে যুব, তরুণ সকলের জন্য একান্ত অপরিহার্য।’ তিনি আরও বলেন, ‘আমি নিজে খেলাধুলা পছন্দ করি এবং সবসময় নিজে উপস্থিত থেকেই খেলাধুলার উদ্বোধন করতে চেষ্টা করি। যদিও এবার পারলাম না, যেটা আমার জন্য খুব দুঃখজনক। তারপরও আমি বলব, সবার নিরাপত্তার কথা চিন্তা করেই আসিনি।’