ঘুরতে গিয়ে দল বেঁধে ধর্ষণের শিকার তরুণী

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা টেংরাগিরি ইকোপার্কে বেড়াতে গিয়ে দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (২০)। এ ঘটনায় ওই তরুণী ৯ জনের বিরুদ্ধে তালতলী থানায় মামলা করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন, সোহাগ, হাসান, মিজানুর ও জাহিদুল। বৃহস্পতিবার ওই তরুণী আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, আমতলী উপজেলার নীলগঞ্জ গ্রামের এক তরুণী তার ভগ্নিপতিকে নিয়ে গত বুধবার বিকেলে মোটরসাইকেলে করে তালতলীর সোনাকাটা টেংরাগিরি-ইকোপার্কে বেড়াতে যান। ইকোপার্কের হরিণের শেডের কাছে তরুণীর ভগ্নিপতি একটি দোকানে খাবার পানি আনতে যান। এ সময় চারজনের একটি দল তরুণীকে জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে স্থানীয়রা রাত ১০টার দিকে জঙ্গল থেকে তরুণীকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

তালতলী থানার ওসি (তদন্ত) মো. ফরিদুল ইসলাম ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনার ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে সোহাগ (২৫), হাসান (২৮), মিজানুর (২৪) ও জাহিদুলের (২৭) নামে তালতলী থানায় মামলা করেন।

গতকাল পুলিশ ওই তরুণীকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। বিচারক মো. সাকিব হোসেন আদালতে জবানবন্দি শেষে ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সোহাগ, জাহিদুল, মিজানুর ও হাসানসহ ১২-১৫ জন বখাটে একটি সংঘবদ্ধ চক্র রয়েছে, যারা ইকোপার্কে বেড়াতে আসা মানুষের টাকা-পয়সা ছিনতাই করে। ওই চক্রের হাতে অনেক নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ কারণে ইকোপার্কে পর্যটক আসা কমে গেছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ধর্ষণের শিকার ওই তরুণীকে উদ্ধার করে থানায় আনা হয়। তরুণী বাদী হয়ে চার আসামির বিরুদ্ধে মামলা করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।