বিয়েবাড়িতে নারী উত্ত্যক্তের ঘটনায় সংঘর্ষে নিহত ২

কুমিল্লার দেবীদ্বারে একটি বিয়ের গায়েহলুদের অনুষ্ঠানে নারীদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ সময় চারজন গুরুতরসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। গত বুধবার গভীর রাতে আবদুল্লাহপুর গ্রামের ইনসাফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই চারজনকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরে তাদের ঢাকায় পাঠানো হয়।

নিহতরা হলেন আবদুল্লাহপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (২০) ও একই গ্রামের রেনু মিয়ার ছেলে ফাহিম হোসেন (১৯)।

এলাকাবাসী জানায়, আবদুল্লাহপুর গ্রামের একটি বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান চলছিল। সেখানে পাশর্^বর্তী মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রাম থেকে বেশ কিছু যুবক আসে। তারা গায়েহলুদের অনুষ্ঠান দেখার সময় নারীদের উত্ত্যক্ত করছিল। এ সময় বিয়ে বাড়ির লোকজন তাদের বাধা দেয়। এতে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন এবং দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজন মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ থানায় নিয়ে আসে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দেবীদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘বিয়ে বাড়ির গায়েহলুদে এসে মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে সংঘর্ষ হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তায় একটি মরদেহ পাই। পরে হাসপাতালে নেওয়ার সময় আরেকজন মারা যায়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি আরিফুর।