করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিলেটের জেলা প্রশাসন ১১ দফা নির্দেশনা জারি করেছে।
শুক্রবার জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সিলেটে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সকল ধরণের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। দোকান-পাট, মার্কেট, শপিং মল রাত ৯টায় বন্ধ করতে হবে। আগামী ২ সপ্তাহ এসব নির্দেশনা কার্যকর থাকবে।
নির্দেশনার মধ্যে আরও রয়েছে, মসজিদ-মন্দিরসহ ধর্মীয় সকল উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন করতে হবে, পর্যটন-বিনোদনকেন্দ্র, সিনেমা হল, থিয়েটার হলে দর্শনার্থী আগমন নিষিদ্ধ, গণ পরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে, সব রকম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে অবস্থান করা যাবে না এবং জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর ঘরের বাইরে বের হওয়া যাবে না, হোটেল-রেস্তোরায় ধারণক্ষমতার অর্ধেকের বেশি ক্রেতা প্রবেশ করানো যাবে না এবং অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।