নিজ ঘরে পুলিশ কর্মকর্তার ছেলের গুলিবিদ্ধ লাশ

চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার বাসায় তার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুরে নগরীর আকবর শাহ থানার মিরপুর আবাসিক এলাকায় খুলশী থানার এসআই মহিম উদ্দিনের বাসায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মুশফিকুল হক মাহিনকে (১৮) তৎক্ষণাৎ চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাতে আকবর শাহ থানার ওসি জহির হোসেন বলেন, মাহিন সিএমপি স্কুল অ্যান্ড কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করেছিলেন। শুক্রবার অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু তাতে অংশ না নেওয়ায় ছেলেকে বকাঝকা করেছিলেন এসআই মহিম। ছেলেকে বকা দিয়ে নামাজ পড়তে মসজিদে যান মহিম উদ্দিন। এরপরই ছেলে গোসল করে নিজ রুমে ঢুকে দরজা লাগিয়ে দেন। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে বুকে গুলিবিদ্ধ মাহিনকে এবং তার পাশে বাবার সরকারি পিস্তলটি দেখতে পান।

ওসি জহির হোসেন বলেন, মাহিনের বাবা যখন নামাজ পড়তে যান তখন বাসায় ছিলেন তার মা ও দুই বোন। গুলির শব্দ শুনে তারা মাহিনের রুমের দরজা খোলার চেষ্টা করলে তা ভেতর থেকে বন্ধ পান। তারা দরজা ভেঙে ঘুরে ঢুকে মাহিনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মাহিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে মাহিনের লাশ উদ্ধার এবং বাসা থেকে পিস্তলটি জব্দ করে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বকর সিদ্দিক বলেন, বুকের ডান পাশে মাহিন গুলিবিদ্ধ হয়েছে। দুপুরে তার বাবা বকা দিয়েছিল। অভিমান করে সে তার বাবার সার্ভিসেস পিস্তল দিয়ে আত্মহত্যা করেছে বলে মনে করা হচ্ছে।