রিমান্ড শেষে কারাগারে বিএনপি নেত্রী নিপুণ রায়

হেফাজতের ডাকা হরতালে বাসে আগুন দেওয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হওয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা মহানগর হাকিম আদালতের হাকিম মাসুদ-উর-রহমান এই আদেশ দেন।

রাজধানীর হাজারীবাগ থানায় করা মামলায় গত রবিবার গ্রেপ্তার করা হয় নিপুণ রায়কে। পরে সোমবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিন দিনের রিমান্ড শেষে গতকাল তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।  অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জামিন আবেদন করেন।  জামিন আবেদনে মাসুদ তালুকদার বলেন, ‘আসামিদের বিরুদ্ধে অকাট্য কোনো প্রমাণ নাই। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে, তারা তাদের তদন্তকাজ চালাক, কিন্তু আসামিদের জামিন দেওয়া হোক। তাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে, আশা করি আর কিছু বাকি নাই। তাই তাদের জামিনে মুক্তি দেওয়া হোক।’

অন্যদিকে রাষ্ট্রপক্ষে সিএমএম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দীন হিরণ জামিনের বিষয়ে বিরোধিতা করেন।

শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মুখ্য মহানগর আদালতের হাকিম মাসুদ-উর-রহমান।