ঢাকা উত্তরে ১০ ইউটার্ন চালু হচ্ছে আজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় নির্মিত ১০টি ইউটার্ন চালু হচ্ছে আজ শনিবার। রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত সড়কে যানজট নিরসনের লক্ষ্যে এসব ইউটার্ন নির্মাণ করা হয়েছে। এসব এলাকায় চলাচলকারী যানবাহনকে ইউটার্নগুলো ব্যবহারের অনুরোধ করা হয়েছে। গতকাল শুক্রবার ডিএনসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত ১১টি ইউটার্ন নির্মাণ প্রকল্পের আওতায় শনিবার (৩ এপ্রিল) উত্তরা রাজলক্ষ্মীর সামনে, উত্তরা র‌্যাব-১ অফিস, ফ্লাইং ক্লাব কাওলা, বনানী ওভারপাস, বনানী আর্মি স্টেডিয়ামের সামনে, বনানী চেয়ারম্যানবাড়ী, মহাখালী আমতলী, মহাখালী বাস টার্মিনালের সামনে, তেজগাঁও নাবিস্কো মোড় এবং সাতরাস্তার বিজি প্রেস এলাকায় নির্মিত ১০টি ইউটার্ন যানবাহনের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউটার্ন খুলে দেওয়ার পাশাপাশি সড়কের উভয় দিকে ডানে মোড় নেওয়ার সব পয়েন্ট বন্ধ করে দেওয়া হবে। ডিএনসিসি বন্ধ হতে যাওয়া সড়কের উভয় দিকে ডানে মোড় নেওয়ার পয়েন্টগুলো উল্লেখ করে দিয়েছে বিজ্ঞপ্তিতে। পয়েন্টগুলো হলো নেভি হেডকোয়ার্টারের শাখা রাস্তা, বনানী রোড নম্বর ২৭, বনানী কাকলী, বনানী রোড নম্বর ১১, মহাখালী আমতলী মোড়, তেজগাঁও কোহিনূর মোড় ও লাভ রোড মোড়। এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে সহযোগিতা দেওয়ার অনুরোধ জানিয়েছে ডিএনসিসি।