ক্যাপিটল হিলে হামলা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

আবারও হামলা হয়েছে ক্যাপিটল হিল হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে। স্থানীয় সময় গতকাল শুক্রবার দুপুরের ওই ঘটনায় হামলাকারীসহ পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত আরেক কর্মকর্তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার পরপরই ন্যাশনাল গার্ড মোতায়েন করে অবরুদ্ধ করা হয় ওই এলাকা। 

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন বলছে, শুক্রবার দুপুরের দিকে একটি গাড়ি দুই কর্মকর্তাকে চাপা দেয়। সে সময় হামলাকারী ওই গাড়ির চালক এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতও করেন। পরে পুলিশের গুলিতে আহত হন তিনি। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর হামলাকারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর কিছু সময় পরেই আসে পুলিশ কর্মকর্তার মারা যাওয়ার খবর। ঘটনার ঘণ্টাখানেক পরে এক সংবাদ সম্মেলনে ক্যাপিটল পুলিশ দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে। 

সংবাদ সম্মেলনে ক্যাপিটল পুলিশ জানায়, শুক্রবার গাড়ি নিয়ে এক ব্যক্তি কংগ্রেস ভবনের উত্তর দিকের প্রবেশমুখের ব্যারিকেডে সজোরে ধাক্কা দেয়। পরে সে ছুরি নিয়ে ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের ওপর হামলা করে। এ সময় আরেকজন নিরাপত্তাকর্মী তাকে বাধা দেয় এবং গুলি চালায়। পরে আহত অবস্থায় হামলাকারী ও দুই নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ক্যাপিটল পুলিশের প্রধান ইয়োগানন্দ ডি পিটম্যান বলেন, হামলাকারী প্রবেশ মুখে ধাক্কা দেওয়ার পরপরই গাড়ি থেকে ছুরি নিয়ে পুলিশ সদস্যদের দিকে এগিয়ে যান। তখন এক পুলিশ সদস্য তাকে গুলি করেন। হামলাকারী কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠীর কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পরেই এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে। 

সিএনএন জানাচ্ছে, গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা হামলা চালানোর পর নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তারপরও এই ঘটনা কীভাবে ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে না থাকলেও ঘটনার বিষয়ে অবগত আছেন এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। স্পিকার ন্যান্সি পেলোসি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহত পুলিশ কর্মকর্তার সম্মানে ক্যাপিটল ভবনে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।