দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ উৎপাদন ১৩ হাজার মেগাওয়াটের মাইলফলক অতিক্রম করেছে। গতকাল শনিবার রাতে এ রেকর্ড উৎপাদন করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
সাইফুল ইসলাম বলেন, শনিবার রাত ৯টায় দেশে রেকর্ড ১৩ হাজার ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।এর আগে দেশে ২০২০ সালের ৫ সেপ্টেম্বর সর্বোচ্চ ১২ হাজার ৮৯২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল। দেশে এখন ২১ হাজার ৭৭৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। তবে দৈনিক গড়ে ১০ থেকে ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে থাকে পিডিবি। দেশের ৯৯ শতাংশ এলাকা এখন বিদ্যুতায়নের আওতায় এসেছে।