কোহলির দলে করোনার হানা

আইপিএলের সময় যত এগিয়ে আসছে, করোনার সমস্যা তত প্রকট হচ্ছে। অক্ষর প্যাটেল এবং চেন্নাই সুপার কিংসের এক সদস্যের পর এ বার করোনায় আক্রান্ত হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেবদত্ত পাড়িক্কল।

রবিবার আরসিবি-র পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। আপাতত গোটা দলের থেকে আলাদা হয়ে নিভৃতবাসে রয়েছেন পাড়িক্কল।

কর্ণাটকের এই ব্যাটসম্যানের চোট বিরাট কোহলির দলের কাছে বড় ধাক্কা। গত বার ভালো ছন্দে ছিলেন পাড়িক্কল। ১৫ ম্যাচে ৪৭৩ রান করেছিলেন।

ওপেন করতে নেমে মাথা ঠান্ডা রেখে তার ইনিংস নজর কেড়ে নিয়েছিল কোহলির। ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি।

কভিড হওয়ার ফলে অন্তত দুটি ম্যাচ খেলতে পারবেন না পাড়িক্কল। আইপিএলের প্রথম দিনেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে আরসিবি। পাড়িক্কল না থাকায় কাকে দিয়ে ওপেন করাবেন, সেই নিয়ে চিন্তা বাড়ল কোহলির।

চলতি বছর দুটি ঘরোয়া প্রতিযোগিতাতেই ভালো খেলেছেন পাড়িক্কল। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৬ ম্যাচে ২১৮ রান করেছেন। বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে ৭৩৭ রান করেন। গড় ছিল ১৪৭.৪০।