৩৮ লাখ বাংলাদেশি ফেইসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বেহাত!

নাম, ঠিকানা এবং ফোন নম্বরের মতো অনেক ব্যক্তিগত তথ্য বেহাত হয়েছে বাংলাদেশের ৩৮ লাখ ফেইসবুক ব্যবহারকারীর।

হ্যাকাররা সারা বিশ্বের প্রায় ৫৩ কোটি ৩০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস করেছেন, যাদের মধ্যে রয়েছেন ওই বাংলাদেশিরা।

একটি স্বল্পপরিচিত সাইবার নিরাপত্তা সংক্রান্ত ফোরামে এই তথ্য ফাঁস করা হয়েছে যা সবার জন্য উন্মুক্ত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ডেটাগুলো পর্যালোচনা করে জানিয়েছেন যে চুরি হওয়া তথ্যের মধ্যে রয়েছে ফেইসবুক আইডি নম্বর, প্রোফাইলে দেওয়া নাম, ইমেইল অ্যাড্রেস, বসবাসের ঠিকানা, ব্যবহারকারী পুরুষ না নারী, পেশাসহ আরও বেশ কিছু তথ্য।

একজন ব্যবহারকারী ফেসবুক প্রোফাইল তৈরি করার সময় যেসব তথ্য দিয়ে থাকেন মূলত সেগুলোই হ্যাকড হয়েছে। তবে এ ক্ষেত্রে ব্যাপারটি আরও জটিল আকার ধারণ করেছে কারণ সেখানে ফোন নম্বরও পাওয়া যাচ্ছে, যা ব্যবহারকারীরা সব সময় সবার জন্য উন্মুক্ত রাখেন না।

ফেইসবুক একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তথ্য চুরির ঘটনাটি নিশ্চিত করে মন্তব্য করেছে যে ২০১৯ সালে এটি তাদের নজরে এসেছিল। তারা ফেইসবুকের ‘কন্টাক্টস ইম্পোর্টার’ ফিচারের কিছু কারিগরি দুর্বলতা ঠিক করে সমস্যাটির সমাধান করেছে।