কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও হাকিমপুরে ‘লকডাউন’ আতঙ্ক

ব্যাংক-বাজারমুখী মানুষ বেড়েছে নিত্যপণ্যের দাম

আজ সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউনের খবরে বিভিন্ন স্থানে নিত্যপণ্য কিনে মজুদ করতে গত দুদিন বাজারে মানুষের ভিড় দেখা যায়। ব্যাংকগুলোতেও লোকজনের মধ্যে দেখা যায় টাকা তুলে রাখার প্রবণতা। বাজারে ভিড় বাড়ায় পণ্যের দামে দেখা দিয়েছে লাফ। এতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষজন। প্রতিনিধিদের পাঠানো খবর :

কমলগঞ্জ (মৌলভীবাজার) : লকডাউনে দোকানপাট খোলা থাকবে কি না ও লকডাউনের সময় বেড়ে যেতে পারে এমন আতঙ্কে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত শনিবার দুপুর থেকে মানুষজন খাদ্যপণ্য কিনে মজুদ করতে বাজারে এসে ভিড় করেছেন। গতকাল রবিবার সকাল থেকে উপজেলার সব বাণিজ্যিক ব্যাংকে টাকা উত্তোলনে ব্যস্ত ছিলেন গ্রাহকরা। সকাল সাড়ে ৯টা থেকে সবগুলো ব্যাংক শাখায় গ্রাহকদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।

বিশেষ করে নারী গ্রাহকরা ব্যাংক শাখায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টাকা উত্তোলন করে আবার কাঁচাবাজার ও মুদি দোকানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে ভিড় করেন। এ সুযোগে দোকানিরাও কয়েকটি পণ্যের দাম দিয়েছেন বাড়িয়ে।

ভানুগাছ ও শমসেরনগর বাজার ঘুরে জানা যায়, গত শুক্রবার বিকেলে যে পেঁয়াজ প্রতি কেজি ২৮ টাকা করে বিক্রি হতো গতকাল রবিবার সকালে সে পেঁয়াজ ৩২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ৫ লিটার ওজনের ভোজ্যতেল বিক্রি হয়েছে ৬৬০ টাকা দরে। ব্রয়লার মোরগ শুক্রবার কেজিপ্রতি বিক্রি হয়েছিল ১৪০ টাকা দরে কিন্তু রবিবার কেজিপ্রতি ১০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ১৫০ টাকা দরে। একইভাবে অন্যান্য সামগ্রীরও দাম কিছুটা বেড়েছে।

ভানুগাছ বাজারে আসা ক্রেতা কুতুব মিয়া, নাজিম মিয়া দেশ রূপান্তরকে জানান, তারা দৈনিক ভিত্তিতে আয় করে দৈনিক খাদ্যসামগ্রী ক্রয় করেন। লকডাউনের কথা শুনে শনিবার ও গতকাল রবিবার ক্রেতারা খাদ্যসামগ্রী কেনায় হুমড়ি খেয়ে পড়েছেন। এদের মধ্যে যাদের আয় ভালো ও প্রবাসী আয় আছে সেসব পরিবারের মানুষ টানা এক মাসের হিসাব করে খাদ্যসামগ্রী কিনে মজুদ করছেন।

সোনালী ব্যাংক শমসেরনগর শাখার ব্যবস্থাপক রিপন মজুমদার, পূবালী ব্যাংক শমসেরনগর শাখার ব্যবস্থাপক আবুল খায়ের মোহাম্মদ ও পূবালী ব্যাংক কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক আবদুল হামিদ বলেন, ‘লকডাউনের চিন্তায় গ্রাহকরা বড় অংকের টাকা ব্যাংক থেকে তুলছেন।’

হাকিমপুর (দিনাজপুর) : দিনাজপুরের হাকিমপুরের হিলি বাজারে বিভিন্ন পণ্য কিনতে মানুষের হিড়িক পড়ে। দোকানে মানুষজনের উপচেপড়া ভিড়ে মানা হয়নি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। বাড়তি চাহিদার কারণে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে পাঁচ টাকা করে। একইভাবে অন্যান্য পণ্যের দামও বেড়েছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, লকডাউনের খবরে কেউ পণ্যের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : লকডাউন ঘোষণা ও রমজান মাসকে সামনে রেখে শ্রীমঙ্গলে লাফিয়ে বেড়েছে নিত্যপণ্যের দাম। দ্রব্যের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় অনেকেই বাজার করতে এসে হতবাক হয়ে পড়েন।

বাজারে আসা ক্রেতা মোসাহিদ আহমদ বলেন, এমন চলতে থাকলে কীভাবে বাজার করব?