মাটিচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু, আহত ৩

মেহেরপুর শহরের হাসপাতাল এলাকায় একটি বহুতল ভবনের ট্যাংকি নির্মাণকাজ করার সময় মাটিচাপা পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন নির্মাণশ্রমিক। গতকাল সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত নির্মাণশ্রমিকরা জানান, তারা ভবনের গভীর ট্যাংকি নির্মাণের জন্য গর্তে নেমে মাটি খুঁড়ছিলেন। এ সময় ওপরের খোলা মাটি ধসে তাদের ওপর পড়ে। মাটিচাপায় সরোয়ার আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার ব্রিগেড পৌঁছে হতাহত শ্রমিকদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। তখন হাসপাতালের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।