এক ম্যাচে সেঞ্চুরি আর ৫ উইকেটের স্বপ্ন সাকিবের

এবারের আইপিএলে এক ম্যাচে সেঞ্চুরি আর ৫ উইকেট নিতে চান কলকাতা নাইট রাইডার্সের সাকিব আল হাসান। তবে সাকিব যা করতে চেয়েছেন তার নজির আইপিএলে তো বটেই, টি-টোয়েন্টি ক্রিকেটেই নেই।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত এক ম্যাচে সেরা অলরাউন্ড পারফরম্যান্স সেঞ্চুরির সঙ্গে ৪ উইকেট। দুইজনের এমন কৃতিত্ব আছে। পাকিস্তান ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে ২০০৬ সালে লাহোর লায়ন্সের হয়ে ইসলামাবাদ লিওপার্ডসের বিপক্ষে অপরাজিত ১০০ রান করার পর ১১ রানে ৪ উইকেট নিয়েছিলেন তৌফিক উমর। পরে ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাল্টার বিপক্ষে ১০১ রান করার পর ১৫ রানে ৪ নিয়েছিলেন চেক প্রজাতন্ত্রের সাবাউন ডাভিজি। টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেওয়ার ম্যাচে সর্বোচ্চ রান মঈন আলির। ২০১৩ সালে উস্টারশায়ারের হয়ে নর্থ হ্যাম্পটনশায়ারের বিপক্ষে ৭২ রান করার পর তিনি ৫ উইকেট নেন।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো সাকিবের কাছে জানতে চেয়েছিল কোন আইপিএল রেকর্ড তিনি ভাঙতে চান। এর জবাবে সাকিব এক ম্যাচে ১০০ রানে, পাশাপাশি ৫ উইকেট নিতে চান এক ম্যাচে। এরকম কীর্তি সাকিব টেস্টে নিয়েছেন দু’বার। কোন বোলারের মুখোমুখি হতে সবচেয়ে বেশি মুখিয়ে আছেন এমন প্রশ্নে সাকিব বলেছেন, ‘আর্চারকে খেলতে অপেক্ষায় ছিলাম, তবে সে তো এবারের আইপিএলে নেই। আরেকজন আছে, তাকে আমি নেটে অনেক খেলব, প্যাট কামিন্স।’

সাকিব আইপিএলে ৬৩ ম্যাচ খেলে ৭৪৬ রান করেছেন, উইকেট নিয়েছেন ৫৯টি। সেরা বোলিং ৩/১৭। ফিফটি করেছেন দুটি। সর্বোচ্চ ইনিংস ৬৬।