রিজভীর শারীরিক অবস্থা স্থিতিশীল উদ্বিগ্ন পরিবার

শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হওয়ায় গত বৃহস্পতিবার থেকে আইসিইউতে আছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গত পাঁচ দিন ধরে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।হাইফ্লো অক্সিজেন দিতে হচ্ছে তাকে। গতকাল সোমবার দেশ রূপান্তরকে এসব কথা জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘নড়াচড়া করলে বা খাবার গ্রহণ করার পর রুহুল কবির রিজভীর অক্সিজেনের পরিমাণটা একটু বাড়াতে হয়। তবে সার্বিক অবস্থা ভালো। তার জ্বর নেই, কাশিও কমছে। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন।’

শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে রিজভীর সুস্থতার জন্য তার স্ত্রী আরজুমান আরা বেগম আইভী বিএনপি নেতাকর্মী-সমর্থকসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন। নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে রিজভীর জন্য দোয়া চেয়ে স্ট্যাটাস দিচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলে জানিয়েছেন ডা. রফিক।         

গত ১৬ মার্চ তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১৭ মার্চ তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গত ৪ দিন আগে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। গত ৩১ মার্চ পাওয়া তৃতীয়বারের রিপোর্টেও তিনি করোনা ‘পজিটিভ’ বলে জানিয়েছিলেন ডা. রফিক।