করোনাভাইরাস মহামারীর এ সময়ে সরকারি ও বেসরকারি কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস থেকে বাড়িয়ে এক বছর করার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল সোমবার আইনজীবী শাম্মী আক্তারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান (রবিন) মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, আইন বিচার ও সংসদবিষয়ক সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবরে এ নোটিস পাঠান।
এতে বলা হয়, কর্মজীবী নারীরা দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বর্তমানে করোনাভাইরাসের কারণে গর্ভবতী নারীরাও জীবনের ঝুঁকি নিয়ে কর্মক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। সরকার ইতিপূর্বে বাংলাদেশ সার্ভিস রুল (পার্ট-১) এর রুল ১৯৭ (১) সংশোধনক্রমে সরকারি কর্মজীবী নারীদের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি ৪ (চার) মাসের পরিবর্তে ৬ (ছয়) মাস করলেও বর্তমান পরিস্থিতিতে তা অত্যন্ত অপ্রতুল। কারণ গর্ভবতী মা এ ভাইরাসে আক্রান্ত হলে তার গর্ভের সন্তানসহ পরিবারের সবাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা বিদ্যমান থাকে। এমন পরিস্থিতিতে এ নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে করোনাকালীন সরকারি ও বেসরকারি কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি ৬ (ছয়) মাসের পরিবর্তে এক বছর বাড়ানোসহ মাতৃত্বকালীন ছুটির বিষয়ে সরকারি ও বেসরকারি কর্মজীবী নারীদের মধ্যে বৈষম্য অবসানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ব্যত্যয় হলে এ বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়।