সফরকারী দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক ইনিংস খেললেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়কের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশ ইমার্জিং নারী দলও পেল সহজ জয়।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৭ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ।
১৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে নিগার অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন। অপরাজিত ৪৫ রান করেন রোমানা আহমেদ। সুবাদে ২৭ বল বাকি থাকতে জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। পাঁচ ম্যাচের সিরিজে নিগার-রুমানারা এগিয়ে ২-০ ব্যবধানে।
টস জিতে এদিন ব্যাটিং বেছে নিয়েছিল দক্ষিণ আফ্রিকার মেয়েরা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান করে দলটি। রিতু মনি ও নাহিদা আক্তার দারুণ বোলিং করেন। দুজনেরই প্রাপ্তি তিনটি করে উইকেট।
জবাব দিতে নেমে তৃতীয় ওভারেই শারমিন সুলতানার (৭) উইকেট হারায় বাংলাদেশ। অষ্টম ওভারে ফিরে যান মুরশিদা খাতুন (২১)। ৩৮ রানে ২ উইকেট হারানো দলকে এরপর টেনে নেন নিগার।
ফারজানার সঙ্গে তৃতীয় উইকেটে যোগ করেন ৪৪ রান। ফারজানা ১৫ রান করে ফিরলে রুমানার সঙ্গে জুটি বাঁধেন নিগার। এই জুটি অবিচ্ছিন্ন থেকে দলকে জয় এনে দেন।
নিগারের ১৩৫ বলের ইনিংসে ছিল ১১টি চার। রুমানা ৬৯ বলে ৪ চারে সাজান নিজের ইনিংস। ম্যাচসেরা হয়েছেন নিগার।