‘লকডাউনে’ চলবে ই-কমার্স কার্যক্রম

অনলাইন বা ই-কমার্সের ডেলিভারিম্যানরা ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত তাদের পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাকসহ সবরকম যানবাহন সার্বক্ষণিক চলাচল করতে পারবেন। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আদেশ সংবলিত চিঠি দেশের সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ই-কমার্সের মাধ্যমে কেনাকাটাকে উৎসাহিত করার উদ্যোগ নিয়েছে সরকার। অনলাইন বা ই-কমার্সের  ডেলিভারিম্যানরা ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত স্বাভাবিকভাবে চলাচল করতে পারবেন। তবে ডেলিভারিম্যান ও পণ্য পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনের জন্য প্রয়োজনীয় পরিচয়পত্র দিতে হবে। ওই পরিচয়পত্রে তাদের অ্যাসোসিয়েশন অর্থাৎ ই-ক্যাবের লোগো এবং সিরিয়াল নম্বর থাকতে হবে।

আদেশে আরও বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে ই-কমার্স প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট রেস্টুরেন্টগুলোর রান্নাঘর ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। খাবার সরবরাহের সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোকে তাদের রেস্টুরেন্টের তালিকা নিজ উদ্যোগে  জেলা প্রশাসকের কাছে জমা দিতে হবে।

এ ছাড়া ডেলিভারিম্যানরা কোনোভাবেই রেস্টুরেন্টের রান্নাঘরে (কিচেন) প্রবেশ করতে পারবেন না। কিচেনের বাইরে থেকে খাবার সংগ্রহ করতে হবে। এবং তা গ্রাহকের কাছে পৌঁছে দিতে হবে। এ কাজে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে বলে আদেশে উল্লেখ রয়েছে।