নীলফামারী ও নোয়াখালী

অগ্নিকান্ডে পুড়ে গেছে ৩০ দোকান, ৮ ঘর

নীলফামারীর কিশোরগঞ্জের বড়ভিটা বাজারে অগ্নিকান্ডে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

এতে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা। তবে ফায়ার সার্ভিসের দাবি, ২৫ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে বাজারের কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই বাজারের ওষুধ, কাপড়, মুদি, ইলেকট্রনিক্সসহ মোট ৩০টি দোকান মালামালসহ পুড়ে যায়।

করোনা সংক্রমণ বিস্তার ঠেকাতে লকডাউনের কারণে অগ্নিকান্ডের সময় বাজারের সকল দোকান বন্ধ থাকায় লোকজনের উপস্থিতি ছিল না। অগ্নিকান্ডের ধরন দেখে ক্ষতিগ্রস্তদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই অগ্নিকান্ড ঘটেছে।

খবর পেয়ে নীলফামারী, কিশোরগঞ্জ ও জলঢাকা দমকলবাহিনীর তিনটি ইউনিট এসে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুরে আগুনে ৮টি বসতঘর পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় বেলাল হোসেন (৩০) নামে এক তরুণ অগ্নিদগ্ধ হন। গত সোমবার রাত দেড়টার দিকে কাদিরপুরের আনিছার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।