ফেইসবুক লাইভে কাদের মির্জা

মন্ত্রিত্ব দিয়ে স্ত্রীকে বাঁচাতে পারবেন না ওবায়দুল কাদের

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ফেইসবুক লাইভে এসে তার বড় ভাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তার স্ত্রীকে নিয়ে বিষোদগার করেছেন। তিনি সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ তুলে বলেছেন, ‘এ মহিলাকে আপনার মন্ত্রিত্বের ক্ষমতা দিয়ে আপনি বাঁচাতে পারবেন না।’ কাদের মির্জা গতকাল মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আজকে আমি অসহায়, আজকে আমি জিম্মি, আজকে আমি অবরুদ্ধ। আজকে পৌরসভার আঙ্গিনায় ডিসি, এসপি, ইউএনও ওসির নির্দেশে আমি ত্রাণ বিতরণ করতে পারিনি। আজকে কেন আমার বিরুদ্ধে ওবায়দুল কাদের সাহেব আওয়ামী জাসদ অস্ত্রধারীদের ও আওয়ামী দুর্নীতিবাজ প্রশাসনকে লেলিয়ে দিয়েছে, এটা দেশের মানুষ জানে। লেলিয়ে দিয়েছে আমাকে নেতাকর্মী শূন্য করার জন্য এবং আমার মুখ বন্ধ করার জন্য।’

নিজ দলের নেতা ও সংসদ সদস্যদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দেশজুড়ে আলোচনায় আসা কাদের মির্জা বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব মূলত ওনার স্ত্রীর অপকর্মকে ঢাকা দেওয়ার জন্য আমার মুখ বন্ধ করতে চায়। আমাকে নেতাকর্মী শূন্য করতে চায়। আর ওনার এক ভাগিনা রাহাতকে বাঁচানোর জন্য আমার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ওনার স্ত্রী সম্পর্কে আপনারা ভালো করে জানেন কী করতেছে। ওনার মন্ত্রণালয়ের অধিকাংশ কন্ট্রাক্টর বিএনপির। দুই-চারজন আছে আওয়ামী লীগের, তারাও কাজগুলো পাইলে বিএনপির লোকদের কাছে বিক্রি করে দেয়। কন্ট্রাক্টদের থেকে টাকা সংগ্রহ করে এপিএস। তার কোনো কাজ নেই। সে আমার এলাকার লোক চেনে না। সে সেখান থেকে টাকা সংগ্রহ করে সচিব বেলায়েতের কাছে দেয়। সচিব বেলায়েত এটা তিন ভাগ করে। এক ভাগ তাদের মন্ত্রণালয়ে যারা দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী তাদের দেয়। এক ভাগ তারেক জিয়ার জন্য পাঠায়। আরেক ভাগ মন্ত্রীর ওয়াইফের জন্য পাঠায়। এগুলো তদন্ত করলে বেরিয়ে আসবে।’

তিনি আরও বলেন, ‘এ মহিলাকে মন্ত্রী আপনি বাঁচাতে পারবেন না। দুদকের মামলা আগেও আছে। আপনি চাপা দিয়ে রাখছেন। ওয়ান ইলেভেনের পর দুদকের মামলা হইছে। উনি ওনার আত্মীয়স্বজনের নামে কয়টা প্লট আছে। ওনার বান্ধবীরা যারা বিদেশে থাকে, ওনার বোনের এক মেয়ে ফ্রান্সে না কোথায় থাকে। হাজার হাজার কোটি টাকা সেখানে আপনার জমা আছে। সব খবর আমার আছে। এখানে আপনার কোন কোন আত্মীয়, আপনার ভাইয়ের মেয়ে তার নিজস্ব লোকজনের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা জমা আছে। এগুলোর সব খবর আমার কাছে আছে। লুকাইতে পারবেন না। আপনি বাঁচাতে পারবেন না। আপনার মন্ত্রিত্বের ক্ষমতা দিয়ে আপনি বাঁচাতে পারবেন না।’