ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তার ঝুলন্ত লাশ

ফরিদপুরের জেলা প্রশাসকের প্রশাসনিক কর্মকর্তা মো. আ. ওহাব শেখের (৫৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারের সদস্যরা বলছেন, মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা।

নিহত ওহাব শেখের বাড়ি সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গি গ্রামে। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। তার বাবা মরহুম আ. হামিদ শেখ সাবেক ইউপি সদস্য ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যদের কান্নাকাটি ও চিৎকারের শব্দ শুনে এলাকাবাসী ওহাব শেখের বাড়িতে গিয়ে দেখেন ঘরের মধ্যে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে রশি দিয়ে বাঁধা তার লাশ ঝুলছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। বিকেলে গ্রামের বাড়িতে জানাযা শেষে তাকে দাফন করা হয়।

কোতয়ালী থানার ওসি মো. আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। ময়নাতদন্ত শেষে এ রহস্য জানা যাবে। 

এদিকে জেলা প্রশাসনের এই কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।