দেশের প্রথম গ্রিন বন্ড সাজেদা ফাউন্ডেশনের

দেশের প্রথম গ্রিন বন্ডের অনুমোদন পেয়েছে স্বাস্থ্যসেবা ও ক্ষুদ্রঋণ পরিচালনাকারী অলাভজনক প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশন। গতকাল এই প্রতিষ্ঠানটির ১০০ কোটি টাকার গ্রিন জিরো কুপন বন্ডের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল কমিশনের নিয়মিত সভায় এই গ্রিন বন্ডের অনুমোদন দেওয়া হয়, যার মেয়াদ দুই বছর।

দেশের ওষুধ খাতের শীর্ষস্থানীয় কোম্পানি রেনেটা লিমিটেডের সাবেক চেয়ারম্যান সৈয়দ হুমায়ুন কবির ছিলেন সাজেদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। রেনেটার ৫১ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে অলাভজনক সাজেদা ফাউন্ডেশনের হাতে। প্রতিষ্ঠানটি মূলত স্বাস্থ্যসেবা, গ্রামীণ দরিদ্রদের সুপেয় পানি নিশ্চিতকরণ, কৃষি ও লাইভস্টক খাতের উন্নয়ন ছাড়াও ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে।

এসইসি জানিয়েছে, সাজেদা ফাউন্ডেশনের ১০০ কোটি টাকার এই বন্ডটি দেশের প্রথম গ্রিন জিরো কুপণ বন্ড, যেটি অনিরাপদ, অরূপান্তর, সম্পূর্ণরূপে অবসায়নযোগ্য। বন্ডটি আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, করপোরেট ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে নতুন এবং চলমান প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানটির ক্ষুদ্রঋণ কার্যক্রমকে বর্ধিতকরণের পাশাপাশি পরিবেশ উন্নয়ন নিশ্চিত করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। এই বন্ডটির কুপন রেট হবে সর্বোচ্চ ৮ শতাংশ। বন্ডটির ট্রাস্টি এবং ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাজ করছে।

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় আনতে ১৯৮৭ সালে একটি ছোট গ্যারেজে স্কুল স্থাপনের মধ্য দিয়ে সাজেদা ফাউন্ডেশনের যাত্রা শুরু। পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের ক্ষুদ্রঋণ প্রকল্প ছাড়াও স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়ন কর্মসূচি রয়েছে সাজেদা ফাউন্ডেশনের। অলাভজনক এই প্রতিষ্ঠানটি ৩ হাজার ৪৯৬ জন কর্মী নিয়ে দেশের ২৫ জেলার প্রায় ৬০ লাখ মানুষের জীবন-মান উন্নয়নে কাজ করছে।   

খাদ্য নিরাপত্তা ও কৃষিপণ্য উৎপাদন বাড়াতে ভূমিকা রাখছে সাজেদা ফাউন্ডেশন। শহুরে দরিদ্রদের সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে ফাউন্ডেশনটি। নিরাপদ সুপেয় পানি ও উন্নত স্যানিটেশনের জন্য এনজিওটি দরিদ্রদের ঋণ দিয়ে থাকে। স্বাস্থ্যসেবা দিতে সাজেদা ফাউন্ডেশনের অধীনে একটি হাসপাতাল রয়েছে। এছাড়া ম্যালেরিয়া নির্মূল, গ্রামীণ দারিদ্র্য দূরীকরণ, মানসিক স্বাস্থ্যসেবা, সচেতনতার মাধ্যমে নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে সাজেদা ফাউন্ডেশনের।