সর্বোচ্চ নগদ লভ্যাংশ ঘোষণা একমি ল্যাবরেটরিজের

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৫ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসায়নিক খাতের কোম্পানি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড আর্থিক পারফরম্যান্সে ধারাবাহিক উন্নতির ধারা বজায় রেখেছে। কোম্পানিটির মুনাফা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং শেয়ারপ্রতি নিট সম্পদের পরিমাণ বেড়েছে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটি ইতিহাসের সর্বোচ্চ ইপিএস অর্জন করেছে। একই সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করেছে এ যাবৎকালের সর্বোচ্চ ৪০ শতাংশ নগদ লভ্যাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণে কোম্পানিটির আর্থিক প্রবৃদ্ধির এ চিত্র উঠে এসেছে।

কোম্পানিটির আর্থিক প্রবৃদ্ধির পাশাপাশি লভ্যাংশ প্রদানে বিনিয়োগকারীদের নজর কেড়েছে। গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। এটি কোম্পানিটির তালিকাভুক্তির পর সর্বোচ্চ লভ্যাংশ।

ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২১ সালে দি একমি ল্যাবরেটরিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭ টাকা ৪২ পয়সা। ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ৯ টাকা ৯৮ পয়সায়। পরবর্তী বছরগুলোতেও প্রবৃদ্ধি অব্যাহত থাকে। ২০২৩ সালে ইপিএস ছিল ১০ টাকা ৮৯ পয়সা, ২০২৪ সালে ১১ টাকা ৬১ পয়সা এবং ২০২৫ সালে সামান্য কমে দাঁড়ায় ১১ টাকা ৪৮ পয়সায়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির ইপিএস আরও বেড়ে হয়েছে ১২ টাকা ৬৫ পয়সা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

গত ছয় বছরের আর্থিক চিত্রে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছর ছাড়া প্রায় প্রতি বছরই কোম্পানিটির ইপিএসে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এর মধ্যে ২০২১-২২ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৩৪ দশমিক ৫০ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে ৯ দশমিক ১২ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরে ৬ দশমিক ৬১ শতাংশ এবং সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে ১০ দশমিক ১৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

শুধু মুনাফা বা শেয়ারপ্রতি আয় নয়, সম্পদের ক্ষেত্রেও কোম্পানিটির অবস্থান শক্তিশালী হয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন শেষে একমি ল্যাবরেটরিজের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৯ টাকা ৩৭ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১২৬ টাকা ৩৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ১০ দশমিক ২৯ শতাংশ।

২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য হারে লভ্যাংশ দিয়ে আসছে একমি ল্যাবরেটরিজ। তালিকাভুক্তির প্রথম বছর কোম্পানিটি ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। পরবর্তী তিন বছরও একই হারে লভ্যাংশ দেওয়া হয়। ২০২০ সালে লভ্যাংশের হার কমিয়ে ২৫ শতাংশ করা হলেও এরপর থেকে গত বছর পর্যন্ত তা ২৫ থেকে ৩৫ শতাংশের মধ্যে ছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত