লকডাউনের প্রতিবাদে ইতালিতে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ

ইতালিতে লকডাউনের প্রতিবাদে গত মঙ্গলবার দেশটির পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন ব্যবসায়ীরা। মূলত রেস্টুরেন্ট মালিক এবং লকডাউনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এতে অংশ নেন। পার্লামেন্টের দক্ষিণ পাশে গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক বন্ধ করে দেন তারা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে এএফপি।

রাজধানী রোমের পার্লামেন্ট এলাকায় এদিনের সংঘর্ষের ঘটনায় এক কর্মকর্তা আহত হয়েছেন। আহত পুলিশ কর্মকর্তার প্রতি সংহতি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কার্লো সিবিলিয়া বলেছেন, সহিংসতা সহ্য করা হবে না।

বিক্ষোভকারীদের অনেকে মাস্ক নামিয়ে ‘কাজ, স্বাধীনতা’ প্রভৃতি সেøাগান দেন। ইতালীয় সংবাদমাধ্যম এএনএসএ জানিয়েছে, উগ্র ডানপন্থি একটি রাজনৈতিক দলের সদস্যরাও এদিন ব্যবসায়ীদের বিক্ষোভে ঢুকে পড়ে। রাষ্ট্রীয় টেলিভিশন আরএআইয়ের খবরে বলা হয়েছে, সাত বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

করোনাভাইরাসের প্রকোপ কমাতে লকডাউনের অংশ হিসেবে রোমে বর্তমানে রেস্টুরেন্ট, বার ও ক্যাফেতে খাবার ও পানীয় পান করা নিষিদ্ধ। তবে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে যাওয়া বা খাবার ডেলিভারি করার অনুমতি রয়েছে। করোনা পরিস্থিতি সামাল দিতে পুরো এপ্রিলজুড়ে এ বিধিনিষেধ বহাল থাকবে। মঙ্গলবারের বিক্ষোভে এসব বিধিনিষেধের বিরুদ্ধে আওয়াজ তোলেন ব্যবসায়ীরা। এদিকে বিক্ষোভের সময় পুলিশ-কর্ডন ভেঙে ফেলার চেষ্টার দায়ে বেশ কয়েকজনকে অভিযুক্ত করেছে পুলিশ।

এদিকে পপুলিস্ট বা জনতুষ্টিবাদী সংগঠন হিসেবে বিবেচিত ফাইভ স্টার মুভমেন্টের পক্ষ থেকে টিকাদান কর্মসূচির পাশাপাশি সাম্প্রতিক বিধিনিষেধে ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।