হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল দম্পতির

অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন এক ব্যক্তি। পথিমধ্যে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় তারা দুজনই (দম্পতি) নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ওই অটোরিকশাচালকও। গতকাল বুধবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের মুরারিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ঘাসিয়ালপাড়া গ্রামের আবদুস সাত্তার (৫৫), তার স্ত্রী ফেরদৌসী বেগম (৪৭) ও অটোরিকশাচালক একই উপজেলার বাগডাস গ্রামের ইসাহাক বিহারীর ছেলে আনসার আলী (৪৫)।

দামকুড়া থানার ওসি মাহবুব হোসেন জানান, অসুস্থ স্ত্রী ফেরদৌসীকে নিয়ে আনসার আলীর অটোরিকশায় করে গোমস্তাপুর থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যাচ্ছিলেন আব্দুস সাত্তার। অটোরিকশাটি পবা উপজেলার মুরারিপুর এলাকায় এলে চাঁপাইনাবগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফেরদৌসী ও অটোরিকশাচালক আনসার নিহত হন। আহত সাত্তার ও অপর এক যাত্রীকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় সেখানেই সাত্তারের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

এ ছাড়া গত মঙ্গলবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে চাঁদপুরে পিকআপভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক, ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ, মাগুরায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তা ও শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :

চাঁদপুর : সদরে বালুবাহী পিকআপভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জসিম গাজী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিকেলে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের গোসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জসিম ফরিদগঞ্জ উপজেলার সাংগুয়া গ্রামের আবুল গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন যাত্রী নিয়ে বাবুরহাট থেকে মহামায়ার দিকে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বালুবাহী পিকআপভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

ফেনী : দাগনভূঁইয়া ও সোনাগাজীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার রাতে নোয়াখালী-ফেনী মহাসড়কের উলালা মিয়ারটেক নামক স্থানে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হৃদয় (১৯) নামে এক তরুণ নিহত হয়েছে। এছাড়া একইদিন রাতে সোনাগাজী পৌর এলাকার তাকিয়া সড়কের মাথায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফাহাদ (২০) নামে এক তরুণ প্রাণ হারিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দুধমুখা বাজার সংলগ্ন উলাল মিয়ার টেক নামক স্থানে ফেনীগামী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষে অটোরিকশা যাত্রী হৃদয় ঘটনাস্থলেই মারা যায়। এদিকে সোনাগাজী মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

মাগুরা : সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ নজরুল ইসলাম (৫২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ইছাখাদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নজরুল মাগুরা অগ্রণী ব্যাংকের প্রধান শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। মাগুরা অগ্রণী ব্যাংক কর্মকর্তা আব্দুল গফুর মোল্যা জানান, অফিস শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে ইছাখাদা এলাকায় বিপরীতমুখী অন্য আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ৯টার দিকে সেখানে তার মৃত্যু হয়। মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন এ তথ্য জানান।

শেরপুর : নকলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলেয়া আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার নকলা-নালিতাবাড়ী সড়কের ধনাকুশা পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলেয়া ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। স্থানীয়রা জানায়, ঘটনার সময় রাস্তা পার হচ্ছিল আলেয়া। এ সময় নকলা থেকে ছেড়ে আসা নালিতাবাড়ীগামী ইটভাটার শ্রমিক বহনকারী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আলেয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে পুলিশ। নকলা ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সুজা জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাসের ধাক্কায় সিএনজি অটোকিশাচালক নিহত : রাজধানীর নীলক্ষেত মোড় এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় গোলাম মোস্তফা (৬০) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক মারা গেছেন। গতকাল সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গোলাম মোস্তফা রামপুরা টিভি সেন্টার এলাকায় থাকতেন।